বিশ্বজুড়ে রাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্ক নতুন নয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একটি শব্দ আবারও রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে- “ন্যানি স্টেট” (Nanny State)। এমন এক রাষ্ট্রব্যবস্থা, যেখানে সরকার নাগরিকদের ব্যক্তিগত জীবনযাপন, খাদ্যাভ্যাস, স্বাস্থ্য, নৈতিক আচরণ কিংবা দৈনন্দিন সিদ্ধান্তের ওপর ক্রমাগত হস্তক্ষেপ করে “ নিজেদের ভালোর জন্য-ক্ষমতার লোভে”। রাষ্ট্র যেন একজন অতিসতর্ক আয়া—যে নাগরিককে পূর্ণবয়স্ক মানুষ নয়, বরং সিদ্ধান্তহীন শিশু হিসেবে বিবেচনা করে।
এই ধারণাটি শুধু পশ্চিমা রাজনৈতিক তত্ত্বের বিষয় নয়; বরং আধুনিক জনস্বাস্থ্য নীতি, প্রযুক্তিনির্ভর নজরদারি, জলবায়ু নীতি, ডিজিটাল আচরণ নিয়ন্ত্রণ, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনাতেও এর প্রভাব বিস্তৃত হচ্ছে। প্রশ্ন হলো—রাষ্ট্র কোথায় নাগরিককে রক্ষা করছে, আর কোথায় নাগরিকের স্বাধীনতাকে সংকুচিত করছে?
ন্যানি স্টেট কী?
“ন্যানি স্টেট” বলতে সাধারণত এমন একটি সরকারব্যবস্থাকে বোঝানো হয়, যেখানে রাষ্ট্র নাগরিকের ব্যক্তিগত সিদ্ধান্তে অতিরিক্ত হস্তক্ষেপ করে। এই হস্তক্ষেপের পেছনে যুক্তি থাকে—জনস্বাস্থ্য রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, বা দীর্ঘমেয়াদে নাগরিকের কল্যাণ সাধন।
উদাহরণ হিসেবে দেখা যায়— ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা , চিনিযুক্ত পানীয়ের ওপর অতিরিক্ত কর (Sugar Tax), অ্যালকোহল ও ফাস্টফুড নিয়ন্ত্রণ, বাধ্যতামূলক সিটবেল্ট বা হেলমেট আইন, সিগারেটের প্যাকেটে ভয়াবহ স্বাস্থ্য সতর্কবার্তা, শিশুদের জন্য অনলাইন কনটেন্ট ফিল্টার, সামাজিক যোগাযোগমাধ্যমে “ তথাকথিত ক্ষতিকর” কনটেন্ট অপসারণ ইত্যাদি।
এসব নীতির সমর্থকেরা বলেন, নাগরিকের অনেক সিদ্ধান্তই আবেগনির্ভর, ক্ষণিকের আনন্দপ্রিয় বা অপর্যাপ্ত তথ্যভিত্তিক। ফলে রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিককে “নিজের কাছ থেকে” রক্ষা করা। কিন্তু সমালোচকেরা প্রশ্ন তোলেন—যদি সরকার ঠিক করে দেয় নাগরিক কী খাবে, কী দেখবে, কোথায় যাবে, কী বলবে, তাহলে ব্যক্তিস্বাধীনতার জায়গা কোথায়?
ন্যানি স্টেট কোনো একবিংশ শতাব্দীর ধারণা নয়। ইতিহাসে বহু রাষ্ট্র নাগরিকদের “নৈতিকভাবে সঠিক” পথে চালিত করার চেষ্টা করেছে। ইউরোপের ভিক্টোরিয়ান যুগে অ্যালকোহলবিরোধী আন্দোলন, যুক্তরাষ্ট্রে “প্রোহিবিশন” আইন, এমনকি ঔপনিবেশিক সমাজে পোশাক ও সামাজিক আচরণ নিয়ন্ত্রণ—সবই ছিল রাষ্ট্রীয় অভিভাবকত্বের অংশ।
তবে আধুনিক ন্যানি স্টেট আগের চেয়ে ভিন্ন। কারন এখন রাষ্ট্রের হাতে আছে— বিগ ডাটা, অ্যালগরিদমিক নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ট্র্যাকিং, বায়োমেট্রিক তথ্যব্যবস্থা। অতীতে রাষ্ট্র নাগরিককে নিয়ন্ত্রণ করতো আইন দিয়ে; এখন করে তথ্য দিয়ে।
ন্যানি স্টেটের আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসে সিঙ্গাপুরের নাম। বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন, নিরাপদ ও দক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত দেশটি নাগরিক আচরণ নিয়ন্ত্রণে অত্যন্ত কঠোর। সেখানে—
- চুইংগাম বিক্রি দীর্ঘদিন নিষিদ্ধ ছিল
- প্রকাশ্যে ময়লা ফেললে বড় অঙ্কের জরিমানা
- ধূমপানের জন্য নির্দিষ্ট অঞ্চল
- গণপরিবহনে খাওয়া-দাওয়ার ওপর নিষেধাজ্ঞা
- কঠোর সেন্সরশিপ ও ডিজিটাল নিয়ন্ত্রণ
সমর্থকেরা বলেন, এই শৃঙ্খলাই সিঙ্গাপুরকে উন্নত রাষ্ট্রে পরিণত করেছে। কিন্তু সমালোচকেরা মনে করেন, উন্নয়ন স্বাধীনতার মধ্যে এখানে একটি অদৃশ্য আপস হয়েছে। রাষ্ট্র কি নাগরিককে নিরাপদ করেছে, নাকি অতিরিক্ত নিয়ন্ত্রিত?
২০১৮ সালে যুক্তরাজ্য চিনিযুক্ত পানীয়ের ওপর “Soft Drinks Industry Levy” চালু করে। লক্ষ্য ছিল শিশুদের স্থূলতা কমানো। এই নীতির পর অনেক কোম্পানি পানীয়তে চিনির পরিমাণ কমিয়ে দেয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এটিকে সফল উদ্যোগ বলেন। কিন্তু সমালোচকেরা প্রশ্ন তোলেন—
- সরকার কি নাগরিকের খাদ্যাভ্যাস নির্ধারণ করতে পারে?
- আজ চিনির ওপর কর, কাল কি মাংস বা কফির ওপরও হবে?
- রাষ্ট্র কি ধীরে ধীরে আচরণ প্রকৌশলী (Behaviour Engineer) হয়ে উঠছে?
এখানেই ন্যানি স্টেট বিতর্ক সবচেয়ে তীব্র হয়ে ওঠে। করোনাভাইরাস মহামারির সময় বিশ্বের প্রায় সব দেশই নাগরিকদের চলাফেরা, ব্যবসা, শিক্ষা ও সামাজিক মেলামেশার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। লকডাউন, মাস্ক বাধ্যতামূলক করা, টিকা পাসপোর্ট, কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ—এসবকে কেউ দেখেছেন জীবনরক্ষাকারী পদক্ষেপ হিসেবে, আবার কেউ দেখেছেন রাষ্ট্রীয় ক্ষমতার বিপজ্জনক বিস্তার হিসেবে। এই সময় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে— জরুরি পরিস্থিতিতে নাগরিক স্বাধীনতা কতদূর সীমিত করা বৈধ?
অনেক দেশেই দেখা গেছে, মহামারির পরও কিছু নজরদারি কাঠামো বহাল থেকেছে। অর্থাৎ, অস্থায়ী ক্ষমতা কখনো কখনো স্থায়ী রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত হতে পারে।
ডিজিটাল ন্যানি স্টেট: যখন অ্যালগরিদম বলে দেয় কী দেখবেন
একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো—রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আর শুধু আইন প্রয়োগকারী সংস্থার হাতে নেই; এখন তা প্রযুক্তি কোম্পানির সঙ্গেও জড়িয়ে গেছে। ফেসবুক, টিকটক, ইউটিউব বা এক্সের অ্যালগরিদম নাগরিকের আচরণ, মতামত ও মনোযোগকে প্রভাবিত করে। সরকারগুলো “ভুয়া তথ্য”, “ঘৃণামূলক বক্তব্য” বা “রাষ্ট্রবিরোধী কনটেন্ট” ঠেকানোর নামে অনলাইন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে আরও সক্রিয় হচ্ছে। কিন্তু কে ঠিক করবে কোন তথ্য ক্ষতিকর?
চীনের “সোশ্যাল ক্রেডিট সিস্টেম” থেকে শুরু করে ইউরোপের ডিজিটাল রেগুলেশন—সবখানেই প্রশ্ন উঠছে:
নিরাপত্তা ও স্বাধীনতার ভারসাম্য কোথায়?
বাংলাদেশ: ন্যানি স্টেটের পথে?
বাংলাদেশে “ন্যানি স্টেট” শব্দটি খুব বেশি ব্যবহৃত না হলেও, এর বৈশিষ্ট্যগুলো বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। যেমন—
- সড়কে হেলমেট বাধ্যতামূলক করা
- তামাকবিরোধী আইন
- অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ
- সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং
- খাদ্যে ভেজালবিরোধী অভিযান
- কোচিং, গেমিং বা অনলাইন আচরণ নিয়ে নীতিগত হস্তক্ষেপ
এসবের কিছু নিঃসন্দেহে প্রয়োজনীয়। কারন বাংলাদেশ এখনও জনস্বাস্থ্য, সড়ক নিরাপত্তা ও ডিজিটাল অপরাধ মোকাবিলায় বড় চ্যালেঞ্জের মুখে। তবে একই সঙ্গে উদ্বেগও আছে—রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কি কখনো মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা বা নাগরিক অধিকারের ওপর চাপ সৃষ্টি করছে? বাংলাদেশের মতো উন্নয়নশীল গণতন্ত্রে এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ। কারন এখানে রাষ্ট্রের সক্ষমতা যেমন বাড়ছে, তেমনি ডিজিটাল নজরদারির পরিধিও বাড়ছে দ্রুতগতিতে।
উনিশ শতকের দার্শনিক জন স্টুয়ার্ট মিল তাঁর বিখ্যাত “Harm Principle”-এ বলেছিলেন— একজন ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ তখনই বৈধ, যখন তার কাজ অন্যের ক্ষতির কারন হয়। এই তত্ত্ব অনুযায়ী, কেউ যদি নিজের ক্ষতি করে, তবুও রাষ্ট্রের সেই সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করার নৈতিক অধিকার সীমিত। কিন্তু আধুনিক রাষ্ট্র যুক্তি দেয়—ব্যক্তিগত সিদ্ধান্তের সামাজিক প্রভাবও আছে। যেমন—
- ধূমপান বাড়ায় স্বাস্থ্য ব্যয়
- স্থূলতা কমায় উৎপাদনশীলতা
- ভুয়া তথ্য রাজনৈতিক অস্থিরতা তৈরি করে
ফলে ব্যক্তিগত সিদ্ধান্ত আর পুরোপুরি ব্যক্তিগত থাকে না। ন্যানি স্টেট বিতর্কের আরেকটি জটিল দিক হলো—মানুষ সবসময় যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয় না। বিহেভিয়ারাল ইকোনমিকস দেখিয়েছে, মানুষ প্রায়ই তাৎক্ষণিক আনন্দের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি বেছে নেয়। এই ধারণা থেকে “Nudge Theory” জনপ্রিয় হয়, যেখানে সরকার জোরপূর্বক নিষেধাজ্ঞা নয়, বরং সূক্ষ্ম প্রভাবের মাধ্যমে নাগরিক আচরণ বদলাতে চায়। যেমন—
- স্বাস্থ্যকর খাবারকে দোকানের সামনে রাখা
- সিগারেটের ভয়াবহ ছবি
- মোবাইলে স্ক্রিন টাইম সতর্কতা
এগুলো কি সহায়ক পরামর্শ, নাকি নরম ধরনের নিয়ন্ত্রণ?
ভবিষ্যৎ: এআই, বায়োমেট্রিক নজরদারি ও আচরণ নিয়ন্ত্রণ
আগামী দশকে ন্যানি স্টেট আরও প্রযুক্তিনির্ভর হতে পারে। কল্পনা করুন—
- স্মার্টওয়াচ আপনার স্বাস্থ্যতথ্য সরাসরি বিমা কোম্পানিকে পাঠাচ্ছে
- এআই আপনার “ঝুঁকিপূর্ণ” আচরণ শনাক্ত করছে
- সরকার কার্বন নিঃসরণ কমাতে ব্যক্তিগত ভ্রমণ সীমিত করছে
- সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার রাজনৈতিক আচরণ বিশ্লেষণ করা হচ্ছে
এগুলো বিজ্ঞান কল্পকাহিনি নয়; অনেক দেশ ইতোমধ্যেই আংশিকভাবে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে।
মোদ্দা কথা: রাষ্ট্র কি অভিভাবক, নাকি অংশীদার?
ন্যানি স্টেট বিতর্কের মূল প্রশ্নটি আসলে রাজনৈতিক নয়; গভীরভাবে মানবিক।
রাষ্ট্র কি নাগরিককে সুরক্ষা দেবে? অবশ্যই। কিন্তু রাষ্ট্র কি নাগরিকের হয়ে জীবন বেছে নেবে? অতিরিক্ত স্বাধীনতা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। আবার অতিরিক্ত নিয়ন্ত্রণ স্বাধীনতাকে অর্থহীন করে তুলতে পারে। সভ্যতার চ্যালেঞ্জ তাই একটিই—কীভাবে এমন একটি ভারসাম্য তৈরি করা যায়, যেখানে নাগরিক নিরাপদও থাকবে, আবার স্বাধীনও থাকবে।
কারণ গণতন্ত্রের শক্তি কেবল শৃঙ্খলায় নয়; মানুষের স্বাধীনভাবে ভুল করার অধিকারেও নিহিত।
নিয়াজ মাহমুদ সাকিব একজন শিক্ষক ও গবেষক।
